বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার ধুনট উপজেলার সোনাহাটা বাজারের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং শহরের গোহাইল রোডে বাসের ধাক্কায় অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হন। 
 
নিহতরা হলেন- ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের মমতাজ উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শেফালী খাতুন (৩৫) এবং বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়ার লিটন মিয়ার ছেলে রিফাত (২০) ।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে সোয়া ৯টার দিকে ধুনট উপজেলার জোড়শিমুল এলাকায় নিজ বাড়ি থেকে মমতাজ উদ্দিন তার স্ত্রী শেফালী খাতুনকে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়া শহরে আসছিলেন। পথে উপজেলার সোনাহাটা বাজারে একটি দ্রুতগামী ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।
 
এর আগে সকাল ৭টায় শহরের গোহাইল রোডে দ্রুতগামী বাসের চাপায় রিফাত (২০) নামের আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী রিফাত শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ছোট বোনকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। সকাল ৭টার দিকে শহরের গোহাইল রোডের মিশন হাসপাতালের সামনে তিনি রাজশাহীগামী আগমনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে এগিয়ে যাবার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এতে মোটরসাইকেল আরোহী ও রিকশা যাত্রীরা রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এসময় যাত্রীবাহী বাসটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিকশচালক ইসাহাক আলী এবং ওই রিকশার দুই যাত্রী সামান্য আহত হন।
 
বগুড়া সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে মর্গে পাঠিয়েছে । আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে ।