পরিচ্ছন্ন ঢাকা গড়তে ঝাড়ু হাতে আনিসুল হক

 
রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এবার ঝাড়ু হাতে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
 
 শনিবার বেলা সাড়ে ১২টায় অভিনয় শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে গুলশান এক নম্বর পার্ক-সংলগ্ন সড়ক পরিষ্কার করেন তিনি। তবে এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। উল্লেখ্য, এরআগে মাহী বি চৌধুরী ঝাড়ু হাতে প্রতিকী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন।
 
সচেতন শিল্পী সমাজের ব্যানারে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে আনিসুল হকের সাথে অংশ নেন বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান, শর্মেলী আহম্মেদ, ড. ইনামুল হক, রামেন্দু মজুমদার, তারানা হালিম এমপি, শংকর শাওজাল, অরুণা বিশ্বাস, জয়, মুরাদ পারভেজ ও আনিসুল হকের স্ত্রী রুবানা হক প্রমুখ। ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রায় আধা ঘণ্টা চলে এ পরিচ্ছন্নতা অভিযান।
 
পরিচ্ছন্নতা অভিযান শুরু করার আগে গুলশান পার্কে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় আনিসুল হক বলেন, এটা একটা প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান। শুধু একজন মেয়রের পক্ষেই ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করলে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে পারবো।
এরআগে সকালে আনিসুল হক মিরপুর-১২-এর মোল্লা মার্কেটে জনসংযোগ করেন। বিকেলে গাবতলী ও মিরপুরে পথসভা ও জনসংযোগ করেন।