নারী লাঞ্ছনাকারীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি বিএনপির

 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বাংলা নববর্ষের দিন নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিএনপি। জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের  মাধ্যমে বিচারের দাবিও করা হয়।
 
শনিবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ সব কথা বলেন।
 
রিপন বলেন, ‘যৌন নিপীড়নে দোষীদের শাস্তির ব্যবস্থা না করে ক্ষমতাসীনরা তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশে দেওয়া হলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। কারণ তাদের কোমরের জোর পুলিশের জোরের চেয়েও বেশি।
 
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে দলকানা, দলবাজ, ব্যক্তিত্বহীন ভিসিরা থাকতে পারবেন না। কারণ দলকানা লোকেরা এ সব গুরুত্বপূর্ণ পদে থাকার অযোগ্য।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সুজাউদ্দিন আহমেদ, নিতাই চন্দ্র রায়, হাবিবুল ইসলাম হাবীব, মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য হেলের জেরিন, শাম্মী আকতার প্রমুখ।