আনিসুল ও সাঈদকে ভোট দেয়ার আহ্বান সহস্র নাগরিক কমিটির

 
আধুনিক ঢাকা গড়তে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে সহস্র নাগরিক কমিটি। শনিবার শাহবাগস্থ কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক লেখক সৈয়দ শামসুল হক এ আহবান জানান।
 
সৈয়দ শামসুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় শহরবাসী যাতে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেজন্যই সহস্র নাগরিক কমিটি আনিসুল হক ও সাঈদ খোকনের মতো সত্, সুযোগ্য, কর্মপ্রাণ, নীতিবান ও প্রার্থীকে সমর্থন দিয়েছে।’
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই সিটি কর্পোরেশনে এলাকাভিত্তিক ১০টি টিম গঠন করে দুই প্রার্থীর পক্ষে ৫টি করে টিম পুরোদমে প্রচারণা শুরু করেছে। এই টিমের সদস্যরা ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবেন।
 
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব গোলাম কুদ্দুস, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ। বক্তারা বলেন, গত তিন মাস ধরে বিএনপি-জামায়াত যেভাবে পেট্রোলবোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যাসহ জনমনে আতঙ্ক সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকান্ড স্থবির করার চেষ্টা করেছে, তাতে ঢাকার কোন সচেতন-বিবেকসম্পন্ন নাগরিক তাদের ভোট দিতে পারে না।
 

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে নেতারা বলেন, এই সরকারের অধীনেই সিলেট, রাজশাহী, গাজীপুরসহ বেশ কয়েকটি সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন পড়েনি। তাই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। এছাড়া এখন পর্যন্ত কোন প্রার্থী তেমন কোন আশঙ্কাজনক পরিস্থিতির অভিযোগ করেননি। আর এ ধরনের অভিযোগ তথ্য-প্রমানসহ করতে হবে।