২০ ঘণ্টায় রেকর্ড হয়নি মামলা, তদন্ত কমিটির কার্যক্রম শুরু

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষে জোড়া হত্যার মামলা ২০ ঘণ্টায় রেকর্ড করেনি দিনাজপুর কোতয়ালী থানা। তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি।

 
গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা মিল্টন ও জাকারিয়া নিহত হওয়ার ঘটনায় হাবিপ্রবি’র প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম শুক্রবার রাত ৮টায় দিনাজপুর কোতয়ালী থানায় এজাহার প্রদান করেন। কিন্তু ২০ ঘণ্টায় থানায় উক্ত এজাহার রেকর্ডভুক্ত করা হয়নি। এব্যাপারে গতকাল শনিবার বিকেল ৪টায় কোতয়ালী থানার ওসি খালেকুজ্জামান পিপিএম জানান, মামলা এখনও রেকর্ড করা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
 

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. আনিস খান বলেন, রোববার থেকে তদন্ত শুরু হওয়ার কথা থাকলেও বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে শনিবার থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে। ঘটনার ব্যাপারে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দেয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।