প্রচারণায় মূল ইস্যু উন্নয়ন

চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন কর্মকাণ্ড। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিন বিগত ৫ বছরে উন্নয়ন না হওয়া বিশেষ করে সদ্য বিদায়ী  মেয়র মনজুর আলমের ভুলত্রুটি ও ব্যর্থতাকে তুলে ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম নীরব ভোটারদের দিকে তাকিয়ে আছেন। তিনিও গত ৫ বছর ৬ মাসের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামীতেও কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য ভোট প্রার্থনা করছেন।
 
এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এম মনজুর আলমকে দায়িত্ব পালনকালীন সময়ে দল নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত মেয়র হিসাবে তুলে ধরছেন। একইসাথে তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীককে ব্যঙ্গ করে মূলত তার বিগত সময়ের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করছেন। তাদের বক্তব্যে বলা হচ্ছে, ‘হাতি’ সিটি করপোরেশনকে গ্রাস করে ফেলবে।
 
এদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিন গণসংযোগকালে বিভিন্ন এলাকার সমস্যাগুলো তুলে ধরে তা বাস্তবায়নে প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি সদ্য বিদায়ী মেয়রের ব্যর্থতার কারণে ওই সমস্যা সমাধান হয়নি বলে উল্লেখ করছেন। তিনি বলছেন, বিরোধী দলের মেয়র থাকায় পর্যাপ্ত উন্নয়ন বরাদ্দ আসেনি। তবে তিনি সরকারি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন বরাদ্দ পাবেন বলে দাবি করেন।  অন্যদিকে সদ্য বিদায়ী  মেয়র এম মনজুর আলম গণসংযোগকালে তার সময় নগরীতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে বলে উল্লেখ করছেন। তিনি প্রতিটি এলাকায় গণসংযোগকালে ওই এলাকায় কতটুকু উন্নয়ন কাজ হয়েছে তার ফিরিস্তি লিফলেট আকারে বিলি করছেন। গত প্রায় ৫ বছরে ৯০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন বলে প্রচার করছেন।
 

দলীয়সূত্রে জানা গেছে, প্রধান দুই দলের প্রার্থীর নির্বাচনী ইশতিহার এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও দুই জনই নির্বাচনী প্রচারণায় তার অনেকাংশই প্রকাশ করে চলেছেন। আ.জ.ম নাছির নির্বাচিত হলে চট্টগ্রামকে মেগাসিটি হিসাবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এম মনজুর আলম বিগত নির্বাচনের পূর্বে দেয়া ৫৬ দফার কতটুকু বাস্তবায়ন করেছেন তা উল্লেখ করে প্রচারণা চালাচ্ছেন। তিনি অসমাপ্ত কাজ শেষ করার জন্য আবারও জনগণের রায় চাচ্ছেন।