শান্তিচুক্তি বাস্তবায়নে ডেডলাইনের প্রয়োজন নেই: সেতু মন্ত্রী

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যাসহ সকল সমস্যার দ্রুত সমাধান করা হবে। পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পর মাঝখানে সাতটি বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না। সেই সময়টুকু বাদ দিয়ে অন্য সময়গুলোতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হয়েছে। তিনি জেএসএস সভাপতি (পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান) সন্তু লারমা’কে উদ্দেশ্য করে বলেন, আপনি শান্তি চুক্তি সম্পাদনের অন্যপ্রান্তের মূলনেতা ছিলেন। শান্তি চুক্তি সম্পাদনের আগে এবং পরের পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন-অগ্রগতি মিলিয়ে দেখুন। এখানে কোনো ডেট লাইন দেয়ার প্রয়োজন নেই। চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারাবদ্ধ।
 
বান্দবান-কেরানীহাট সড়কের হাঙ্গর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কাজী মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই। শেখ হাসিনা জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না। গতকাল শনিবার চন্দনাইশ উপজেলার গাজবাড়ীয়া কলেজ গেইটে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুরিদুল আলমের নামে চন্দনাইশ-বরকল ব্রিজ পর্যন্ত সড়কের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।