ইনজুরিতে পড়া পেসার এহসান আদিলের বদলি হিসেবে উমর গুলকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি বাংলাদেশের সঙ্গে চলমান ওয়ানডে সিরিজেই অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন পিসিবির প্রধাণ নির্বাচক হারুন রশীদ। গতকালই বাংলাদেশের উদ্দেশ্যে উমর গুলের উড়াল দেয়ার কথা ছিলো।
আকস্মিকভাবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে নাম প্রত্যাহার প্রত্যাহার করা হয়েছে আদিলের। হারুন রশীদ বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, সে দ্বিতীয় ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠবে। কিন্তু তার সেরে ওঠার গতি ভালো না। তাকে ডেকে পাঠানো হয়েছে এবং উমর গুলকে তাত্ক্ষনিক পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই নিয়ে বাংলাদেশ সিরিজ উপলক্ষে পাকিস্তানের চার ক্রিকেটার ইনজুরির কবলে পড়লেন। লেগ স্পিনার ইয়াসির শাহ ইনজুরির কবলে পড়লে পরিবর্তিত হিসেবে দল ভুক্ত হন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় দলের বাইরে চলে যেতে হয়েছে ইয়াসিরকে।
গত বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লাহ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে অংশগ্রহনের সময় ইনজুরির কবলে পড়েন তিনি। তাকে ঢাকার একটি হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে চোটগ্রস্ত আঙ্গুলে তিনিটি সেলাই দেয়া হয়।
তারও আগে ইনজুরির কবলে পড়ে একে একে দল থেকে ছিটকে পড়েন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শোয়েব মাকসুদ ও সোহেল খান।
বাংলাদেশ সফরকালে পাকিস্তান তিনটি ওয়ানডে, একটি টি-২০ এবং দু’টি টেস্ট ম্যাচে অংশগ্রহন করবে। শুক্রবারের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা রাত্রির দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।-বাসস।