বাংলাদেশের কাছে ঠিক কোন জায়গাটায় হেরে গেছে পাকিস্তান?
ক্রিকেটীয় দিক থেকে এর অনেক বিচার-বিশ্লেষণ নিশ্চয়ই তারা করছে। তবে পাকিস্তানের অধিনায়ক আজহার আলীর মতে- এটা আসলে একটা দল হয়ে ওঠা বাংলাদেশের কাছে অবিন্যস্ত পাকিস্তানের পরাজয়। বাংলাদেশকে যথেষ্ট সমীহ করে গত শুক্রবার রাতে আজহার আলী বলছিলেন, ‘আপনি বাংলাদেশ দলের দিকে তাকালে দেখতে পাবেন তারা এক ইউনিট হয়ে খেলেছে। গত চার-পাঁচ বছর থেকে তারা সেটা করতে পারছে। আমরা আমাদের দলের মধ্যে অভিজ্ঞতা ঘাটতি উপলব্ধি করতে পেরেছি। তরুণ যারা আছেন তারা চেষ্টা করেছেন ম্যাচ জয়ের জন্য কিন্তু পেরে ওঠেননি। আমি মনে করি আমাদের কিছু ভুল হয়েছে, এমনিতেই আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী বিশেষ করে ডেথ ওভার ও পাওয়ার প্লে’র ওভারগুলোতে। আমরা সেটা কাজে লাগাতে পারিনি। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছি।’
আজহার আলী অবশ্য ক্রিকেটীয় ব্যাখ্যাও খোঁজার চেষ্টা করলেন প্রথম ম্যাচে পরাজয়ের, ‘আমরা ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ কিছু ক্যাচ ফেলে দিয়েছি। আমাদের কিছু ওভার বোলিং আমাদের মনের মতো করে হয়নি। বিশেষ করে দলের পাওয়ার প্লে এবং ডেথ ওভারগুলোতে আমরা রান চেক দিতে পারিনি। পরের ম্যাচে আমরা এই জিনিসগুলো সঠিকভাবে করার চেষ্টা করবো।’
বাংলাদেশের ব্যাটিংয়ের পরই আসলে পাকিস্তান দল বুঝে ফেলেছিলো, তাদের পক্ষে ম্যাচ বের করা কঠিন হবে। অন্তত তেমনই বললেন আজহার, ‘সত্যিকার অর্থে বাংলাদেশ অনেক রান করে ফেলেছে, আমাদের নতুন ব্যাটিং লাইন আপের পক্ষে এই রান চেজ করে জেতাটা সহজ ব্যাপার না। আমার এই দলের পক্ষে ২৩০ থেকে ২৪০ রান চেজ করে জেতা সম্ভব। প্রতিদিন আপনি তিনশো রান চেজ করে জিততে পারবেন না।’
দৃশ্যত মনে হতে পারে, সাঈদ আজমলের ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং অধিনায়ককে হতাশ করেছে। আজহার অবশ্য সেটা মানতে চাইলেন না, ‘সাঈদ আজমল অনেকদিন পর দলে ফিরেছে, সে আজ অনেকগুলো ওভারে ভালো করেছে। কিন্তু শেষের ওভারগুলোতে ভালো করতে পারেনি। আমার বিশ্বাস- পরবর্তী ম্যাচে সে সেটা করতে পারবে। হ্যাঁ এটা পজেটিভ, রিজওয়ান তার অভিষেক ম্যাচে ভালো করেছে।’
তবে শেষ পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচেই হেরে পিছিয়ে পড়ার পরও আবার লড়াইয়ে ফেরার ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক, ‘আমার বিশ্বাস আছে আমরা প্রথম ম্যাচে হেরে পিছিয়ে গেলেও ভালোভাবে কামব্যাক করতে পারবো। আমাদের বোলাররা আরো ভালো করবে সেটা আমার বিশ্বাস। আমরা সিরিজে ফিরতে পারবো। ম্যাচে হারের পর আমাদের কি অবস্থা তা আপনারাই বুঝতে পারছেন। আমরা এখানে জয়ের জন্যই এসেছি। তবে এটা ঠিক যে ম্যাচে হার-জিত আছেই। পরের ম্যাচে আমরা কামব্যাক করতে চাই।’