সিটি নির্বাচনের আগে নিয়োগ-বরাদ্দ বন্ধের দাবি বিএনপির

 
সিটি নির্বাচনের আগে ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ, দোকান বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প বন্ধ রাখার দাবি জানিয়েছে বিএনপি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।
 
আসাদুজ্জামান রিপন বলেন, আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো উন্নয়ন কাজ বা নিয়োগ দেয়া যায় না। কিন্তু ঢাকায় তা মানা হচ্ছে না। ১০৯ জনকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।
 
তিনি বলেন, ডিসিসি ‘এপ্রিল ফাইনালে’ ব্যস্ত। ঠিকাদারদের মধ্যে একটি শব্দ প্রচলিত আছে, তা হলো জুন ফাইনাল। জুন মাস শেষ হওয়ার আগেই প্রকল্পের বরাদ্দের টাকা শেষ করতে হবে। কাজ করুক না করুক, তারা বরাদ্দের টাকা শেষ দেখায়। ডিসিসি সেভাবেই ‘এপ্রিল ফাইনাল’ করছে।
 
রিপন অভিযোগ করেন, নতুন যে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন তাদের পথ কণ্টকাকীর্ণ করতে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হচ্ছে।
 
দক্ষিণ সিটিতে বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।