বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্বল জ্বালানি এবং নিম্ন মানের অবকাঠামো। তাই বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংক আরো বেশি কাজ করতে চায়। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী মুলইয়ানি ইন্দ্রাওয়াতি এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বিশ্বব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
শ্রী ইন্দ্রাওয়াতি বলেছেন, ‘দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্য বিশ্বের দারিদ্র্য দূরীকরণে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এখানকার সীমিত জ্বালানি এবং নিম্ন মানের পরিবহন অবকাঠামোর কারণে প্রবৃদ্ধি আরো বাড়ানো সম্ভব হয়নি। তাই প্রবৃদ্ধির চাকা গতিশীল করতে বাংলাদেশের সরকারের সাথে বিশ্বব্যাংক কাজ করতে আগ্রহী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। এ সব মোকাবিলায় বিশ্বব্যাংক কাজ করতে আগ্রহী। সংস্থাটি দেশের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমাদের পাশে থাকতে চায়।’
তিনি আরো বলেন, ‘আমাদের সরকার জ্বালানি ও অবাকাঠামো খাতের উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং আবাসন খাতের উন্নয়নেও কাজ করে যাচ্ছে।’