রাজনীতি পরিচ্ছন্ন না হলে শহর পরিচ্ছন্ন হবে না: মাহী

 
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী. বি. চৌধুরী বলেছেন, ‘যারা মানুষের সাথে মেশেন, তারা রাজনীতিকে একভাবে দেখেন। আর যারা রাজনীতির বাইরে ব্যবসা-বাণিজ্যের অঙ্গণ থেকে আসেন, তাদের কাছে রাজনীতি আরেক রকম।’ রবিবার দুপুরে মোহাম্মদপুর টাউনহল এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।
 
মাহী বলেন, ‘আমরা বলেছি পরিচ্ছন্ন শহর আর পরিচ্ছন্ন রাজনীতির কথা। রাজনীতি পরিচ্ছন্ন করতে হবে, তা হলেই শহর পরিচ্ছন্ন হবে। রাজনীতি পরিচ্ছন্ন না হলে শহর পরিচ্ছন্ন হবে না।’ তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লংঘন হচ্ছে। সে ব্যাপারে নির্বাচন কমিশন কিছু বলছে না। আমরা নির্বাচনি প্রচার সঠিকভাবে করছি। আমরা ঈমান নিয়ে, নিয়ত নিয়ে থাকবো, আল্লাহ আমাদের সাথে আছেন।’
 

মাহী মোহাম্মদপুর টাউন হল এলাকার সড়ক ঝাড়ু দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি শহীদ পার্ক মাঠ, জাপান গার্ডেন সিটি, রেসিডেনসিয়াল মডেল কলেজ, রিং রোড ও শ্যামলী সিনেমা হল এলাকার বিভিন্নস্থানে আয়োজিত পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন এবং বিভিন্ন পথসভায় তাকে ‘ঈগল’ প্রতীকে ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।