বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমাকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। আমি নির্ভয়ে জনগণের কাছে যেতে চাই। আমাদের প্রার্থীর পক্ষে বিপুল সাড়া পাচ্ছি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে রবিবার উত্তরায় প্রচার-গনসংযোগে গিয়ে কয়েক দফায় কালোপতাকা বিক্ষোভের মুখে পড়েন খালেদা জিয়া। এ সময় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্বিতীয়দিনের মতো বিকাল সাড়ে চারটায় গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে গাড়ীবহর নিয়ে বেরিয়ে পাঁচটার দিকে উত্তরার জসিম উদ্দিন মোড়ে পৌঁছান খালেদা জিয়া। সেখানে আগে থেকেই জড়ো হওয়া স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা কালো পতাকা হাতে বিক্ষোভ করতে থাকে। ফলে সেখানে বেগম জিয়া না নেমে সামনে অগ্রসর হন। তার গাড়িবহর গিয়ে থামে উত্তরা মডেল টাউনে এসবি প্লাজার সামনে। খালেদা জিয়া গাড়ি থেকে নামলে তার বহরকে ঘিরে সরকার সমর্থকরা। তিনি সেখান থেকেও চলে যান। সেখান থেকে খালেদা জিয়া যান উত্তরা ৩ নম্বর সেক্টরে। এখানে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে সরকার সমর্থক কর্মীরা পিছু হটে। ফলে খালেদা জিয়া নির্বিঘে্ন প্রচারণা চালানোর সুযোগ পান। নিজ হাতে তিনি তাবিথের লিফলেট তুলে দেন দোকানি, পথচারীদের হাতে। তবে এই বাধায় তখন পর্যন্ত বিচলিত হননি খালেদা জিয়া। খালেদা জিয়া উত্তরার ইনফিনিটি প্লাজায় প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালান। সেখানে বিপুল সংখ্যক বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। বহরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে আসতে শুরু করেন। ইনফিনিটি প্লাজা থেকে বেরিয়ে তিনি আমির কমপ্লেক্সে গিয়ে প্রচারণা চালান।