উপাচার্যের পদত্যাগের দাবি

ড. জাফর ইকবালসহ শাবিপ্রবির ৩৫ শিক্ষকের পদত্যাগ


উপাচার্যের পদত্যাগের দাবিতে ড. জাফর ইকবালসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসরাকুল ইসলামের কাছে তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

ড. জাফর ইকবালসহ পদত্যাগকারী শিক্ষকরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপাচার্য আমিনুল হক ভূঁইয়া শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করায় ক্ষুব্ধ শিক্ষকরা রবিবার বিকাল ৫টার মধ্যে তাকে পদত্যাগের আলটিমেটাম দেন।
এ সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় শিক্ষকরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, গত সোমবার সকালে উপাচার্যের সঙ্গে একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে কথা বলতে যান পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ শিক্ষক।
তাদের মধ্যে অধ্যাপক জাফর ইকবালের স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকও ছিলেন। ঐ দিন উপাচার্যের সঙ্গে কথাকাটাকাটি হলে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এ মর্মে আন্দোলনে নামেন শিক্ষকরা।