জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোণার মদন উপজেলায় গ্রামবাসী দুইদলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। সোমবার উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের গণেষের হাওরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম উত্তরপাড়ার শহিদ মিয়ার সাথে একই গ্রামের পশ্চিম পাড়ার কছিম উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে কছিম উদ্দিনের লোকজন গণেষের হাওরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে শহীদ মিয়ার লোকজন এতে বাধা দেয়। এরই জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শহীদ মিয়ার বড়ভাই মুসলিম উদ্দিন (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আহত রতন মিয়া, খলিল মিয়া, কুকিল মিয়া, জালাল উদ্দিন, খায়রুল, ছোট্টন মিয়া, রফিকুল, আল্লাদ মিয়া, আলম, আজিজকে মদন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।