ফুলবাড়ীয়া উপজেলার পাঁচ ইউনিয়নের উপর দিয়ে শনিবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে চার শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তোড়ে বিদ্যুেতর খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২/৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা।
ফুলবাড়ীয়া পল্লী বিদ্যুতের ডিজিএম ইমরুল হাসান ভুঁইয়া জানান, ঝড়ে তাদের ৫১টি খুঁটি ভেঙে গেছে। কিছু কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ করা হলেও সারা উপজেলায় বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক হতে আরো ২/৩ দিন সময় লাগবে।
পিডিবির আবাসিক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জানান, ঝড়ে তাদের ৩ টিএসটি খুঁটি ভেঙে গেছে। ঝড়ে গাছ ভেঙে তাদের বেশ ক্ষতি হয়েছে। তারা সদরের বিদ্যুত্ সরবরাহ বিশেষ ব্যবস্থায় শুরু করেছেন। স্বাভাবিক হতে আরও ৩ দিনের মত লাগবে বলে জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, পাঁচ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে চার শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।