রায়পুরায় ছিনতাইকারীর গুলিতে দুই ডিবি পুলিশ আহত

ছিনতাইকারীর গুলিতে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফফার ও  কনস্টেবল সঞ্জয় কুমার সাহা আহত হয়েছেন। গাড়ি ছিনতাইকারী চক্রের হোতা দ্বীন ইসলাম রানা (৩৮), জামাল মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 
 
সোমবার দুপুর আড়াইটায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুটি নামকস্থানে এ ঘটনা ঘটে।
 
গোয়েন্দা পুলিশের এসআই আহত গাফফার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুর ১২টা থেকেই তিনি তার দলসহ ওই এলাকায় ওঁৎ পেতে ছিলেন। গাড়ি ছিনতাইকারী চক্রের হোতা দ্বীন ইসলাম রানা ও জামাল মিয়া একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় তাদের আটকের চেষ্টা করলে দ্বীন ইসলাম রানা তার কোমর থেকে একটি পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় এসআই গাফফার ও কনস্টেবল সঞ্জয় কুমার সাহা আহত হন। এ সময় তার সঙ্গীয় ফোর্স পিছন থেকে তাড়া করে তাদের দুইজনকে ধরে ফেলে। পরে রানার হাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। 
এদিকে আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 
গ্রেফতারকৃত দ্বীন ইসলাম রানার বাড়ি বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। তার পিতার নাম হাজী মো মোগল মিয়া এবং জামাল মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুস সাত্তার বলে জানা গেছে। 
 
এ ব্যাপারে রায়পুরা থানায় এসআই গাফফার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।