সাতক্ষীরা পৌরসভার বর্তমান ও সাবেক মেয়রের বিরুদ্ধে সমন

সাতক্ষীরা পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব এমএম জলিল ও সাবেক মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। 
 
সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা এক ঠিকাদারের দায়ের করা মামলায় শুনানি শেষে তাদের বিরুদ্ধে এ সমন জারি করেন। 
 
সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শেখ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
সোমবার মামলার ধার্যদিনে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। 
 
আদালত সূত্র জানায়, সাতক্ষীরা পৌরসভার ড্রেন নির্মাণ করে বরাদ্দকৃত অর্থ না পেয়ে বর্তমান ও সাবেক মেয়রের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন ঠিকাদার জাহাঙ্গীর আলম। 
 
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৮ সালে এমএ জলিল পৌরসভার মেয়র থাকাকালীন দরপত্র বিজ্ঞপ্তি নং ১/৯৭-৯৮ মোতাবেক ১৮ ডিপিটির অধীনে ২নং গ্রুপের ড্রেনের নির্মাণ কাজ করার জন্য ৩ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ শেষে প্রথম কিস্তিতে ১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও জামানতসহ বাকি টাকা পরিশোধ করেনি পৌরসভা কর্তৃপক্ষ। 
 
এরপর আশরাফুল ইসলাম মেয়র নির্বাচিত হলেও ওই টাকা আদায়ে ব্যর্থ হন ঠিকাদার জাহাঙ্গীর আলম। এরপর এমএ জলিল পুনরায় মেয়র নির্বাচিল হয়েছেন। তা সত্ত্বেও ওই টাকা পরিশোধ করা হয়নি। এ ঘটনায় ২০১২ সালে বর্তমান মেয়র ও সাবেক মেয়রকে আসামি করে ঠিকাদার জাহাঙ্গীর আলম আদালতে প্রতারণা মামলা (সিআরপি-১৯৯/১২) দায়ের করেন। 
 
এ ব্যাপারে মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমাকে ঘুরানো হচ্ছে। আমি দ্বারে দ্বারে ঘুরে নিঃস্ব হয়ে গেছি। তিনি এ বিষয়ে সুষ্ঠু প্রতিকার দাবি করেন। 
 
এদিকে, পৌর মেয়র আলহাজ্ব এমএ জলিল বলেন, ঠিকাদার কাজের উপর ভিত্তি করে প্রথম বিলটি পেয়েছিল। ফাইনাল বিল কেন পায়নি সে বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়েছে।