বিএনপির হরতাল, ঢাকা-চট্টগ্রাম আওতামুক্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামী বুধবার ঢাকা ও চট্টগ্রাম সিটি ছাড়া সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি। এ ছাড়া একই ঘটনার প্রতিবাদে  মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম সিটি ছাড়া সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
 
রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার রাত পৌনে ৮টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রাজধানীর ব্যস্ততম এলাকা কাওরান বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা চালানো হয়। 
 
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন,সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে দলের চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে। সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে বুঝতে পেরেই এই হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।