সিইসির হুকুমে সেনাবাহিনীর আসা সাংবিধানিকভাবে ঠিক নয়: সুরঞ্জিত

 
 
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হুকুম করলেই সেনাবাহিনী চলে আসাটা সাংবিধানিকভাবে ঠিক নয়।
 
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত কোনো সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন পড়েনি। পুলিশ, বিজিবি ও আনসার দিয়ে বিগত সিটি নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি ততই জোরদার হচ্ছে। এর পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে। সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কেন সিটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনি যদি নির্বাচনী প্রচারণা চালাতে পারেন তাহলে আমাদের তরুণ প্রজন্মের নেতা সজীব ওয়াজেদ জয় কেন তা পারবে না?
 
খালেদা জিয়াকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মানুষ পোড়ানোর দায়ে জনগণই আপনাকে কালো পতাকা দেখাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাস, গরু, মানুষ পোড়ানো লোকদের দেখা যাচ্ছে। ওইসব লোকদের শহরে ঢুকতে না দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা আমাদের স্বাধীনতা ও সংস্কৃতিকে অস্বীকার করে তারাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে পুলিশের গাফিলতি সরকারকে বিব্রত করেছে।
 
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের মহাসচিব হুমাউন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।