আবারো ঢাকা উত্তর সিটিকে একটি মানবিক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আনিসুল হক বলেছেন, ‘এই নগরে অনেক বড় বড় সমস্যা রয়েছে। গত সাড়ে চার দশকে এগুলোর দিকে মনোযোগ দেয়া হয়নি। ফলে সমস্যা বেড়েছে। এসব সমস্যার সমাধানের জন্য একটি সুন্দর কর্মপরিকল্পনা দরকার।’
তিনি বলেন, ‘আমাদের এমন একটি নগর প্রয়োজন, যেখানে মানুষের অধিকার থাকবে সুরক্ষিত। একটি সুন্দর সামাজিক পরিবেশে নতুন প্রজন্ম গড়ে উঠবে।’
সোমবার রাজধানী গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক জরিপ ও সমীক্ষা প্রতিবেদন প্রকাশের সময় তিনি এসব কথা বলেন।
আনিসুল হকের নির্বাচনী কর্মীবাহিনী ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের নানাবিধ সমস্যা চিহ্নিত করে এই সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে। সিটি করপোরেশনকে সামনে রেখে নাগরিক জীবনের সঙ্কট-সমস্যা এবং মেয়রের কাছে মানুষের প্রত্যাশা ও আকাঙ্খা জানতেই এই জরিপ করা হয়েছে।
জরিপে ২০টি সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে মশা (৫৮.৩%)। এরপর রাস্তাঘাট (৪৪%), বাড়িভাড়া (৩৭.৫%), ড্রেনেজ সমস্যা (৩০%) ও মাদক (২৭.২%) রয়েছে। আনিসুল হক বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে সাথে নিয়ে এসব সমস্যা সমাধান করবেন। এজন্য তিনি টেবিল ঘড়ি মার্কায় ভোট চান। তিনি বলেন, টেবিল ঘড়ি জিতলে নগরবাসী জিতবে।