বছরে বিদেশিদের বেতনে ব্যয় ৬শ কোটি ডলার : ডিসিসিআই

 
দেশে দক্ষ মানবসম্পদের অভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হচ্ছে বলে মনে করছে ব্যবসায়ীদের সংগন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।
 
সোমবার এক সেমিনারে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের প্রতিবছর ৬ বিলিয়ন (৬শ’ কোটি) মার্কিন ডলার বেতন-ভাতা হিসেবে প্রদান করতে হচ্ছে।
 
‘অপরচুনিটি আউট অব ক্রাইসিস’ শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে  ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং যুক্তরাষ্ট্রের লিডারশিপ ইন মোশন (লিম) গ্লোবাল। হোসেন খালেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় প্রতি বছর শিক্ষার্থীরা বেকার থেকে যাচ্ছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪৭ শতাংশই বেকার থাকছেন। এটা উন্নয়নে কেত্রেও প্রধান সমস্যা। যে সমস্যা সমাধানে শিক্ষার্থীসহ উদ্যোক্তাদের পেশাগত উন্নয়ন প্রয়োজন।
 
লিম এর কান্ট্রি ডিরেক্টর আহমেদ শেখ আসিফ বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ কোম্পানি বন্ধ হয়ে যায় ব্যবসা শুরু করার ৫ বছরের মধ্যে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ব্যবসা শুরুর আগে সমস্যাগুলো চিহ্নিত করে কাজে নামতে হবে। বাংলাদেশের ব্যবসার উন্নয়নে দেড় বছর ধরে গবেষণামূলক কাজ করছে এলআইএম। এই সময়ে গবেষণায় প্রাপ্ত বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, বড় সমস্যা হল- যুবকরা বুঝতে পারে না যে তারা কি করবে।
 
কর্মশালায় বক্তব্য রাখেন ডিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ, এলআইএম ও এলএলসির প্রেসিডেন্ট আর্নি টার্নার, ডিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শোয়েব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, আইসিটি সিঙ্গাপুরের কনসালটেন্ট দেব দত্তসহ ডিসিসিআইয়ের নেতৃবৃন্দ।