স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে প্রতিষ্ঠানটির আরও পাঁচ কর্মচারীর বক্তব্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে বক্তব্য নেয়া হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
যাদের বক্তব্য নেয়া হয়েছে তারা হলেন, এলজিইডির নবাবগঞ্জ শাখার কার্য-সহকারী শিউলী আক্তার, দোহার শাখার কার্য-সহকারী মাহমুদা আক্তার নিশা, সাভার শাখার কার্য-সহকারী মরিয়ম সাদিয়া সিঁথি, লক্ষ্মীপুরের রামগতি শাখার কার্য-সহকারী মো. আমিনুল ইসলাম ও এলজিইডি-৩ এর উচ্চমান সহকারী মো. আব্দুল মজিদ।
দুদক সূত্র জানায়, এর আগে গত ৯ এপ্রিল তাদেরকে তলব করে দুদক। তারা ছাড়াও এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যেই ১৩ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীতে আরও পাঁচ জন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হবে।