খালেদা জিয়াকে ‘নাটক’ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

 
 
রাজধানীর কাওরান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে এই ঘটনার পর রাতে গণভবনে দলের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় তিনি বলেছেন, ‘উনি সব কিছুতে নাটক করছেন। ৯১ দিন অফিসে বসে বোমা ককটেল মেরে, বাস পুড়িয়ে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। মানুষের জীবনকে স্থবির করে দিয়েছিলেন। যখন শান্তি এসেছে, মানুষকে আবার যন্ত্রণা দিতে তিনি মাঠে নেমেছেন।’
 
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে বিকালে কাওরান বাজারে হামলার মুখে পড়েন খালেদা জিয়া। লাঠিসোঁটা ও ইটের আঘাতে খালেদার গাড়ির কাচ ফাটলেও তিনি অক্ষত রয়েছেন। তবে আহত হয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরা।
 

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষ যখন স্বতস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। তখনই তিনি নাটক সৃষ্টি করছেন।’ তিনি বলেন, ‘তার সিকিউরিটি ফোর্স বিনা উস্কানিতে গুলি চালায়। আপনার নিরাপত্তা কর্মীদের ঠেকান। মানুষের জান-মাল নিয়ে আর যেন খেলা না হয়।’