ঢাকা উত্তর সিটিকে একটি ‘মানবিক’ নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। তিনি বলেছেন, এই নগরে অনেক বড় বড় সমস্যা রয়েছে। এতদিন এগুলোর দিকে মনোযোগ না দেয়ায় সমস্যা আরো বেড়েছে। এগুলো সমাধানের জন্য একটি সুন্দর কর্মপরিকল্পনা দরকার। তিনি নির্বাচিত হলে নগরের সংকট সমাধানে ২৪ ঘণ্টার হটলাইন চালু হবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের এমন একটি নগর প্রয়োজন যেখানে মানুষের অধিকার থাকবে সুরক্ষিত।
গতকাল সোমবার রাজধানী গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক জরিপ ও সমীক্ষা প্রতিবেদন প্রকাশের সময় তিনি এসব কথা বলেন। আনিসুল হকের নির্বাচনী কর্মীবাহিনী ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এই সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে। সিটি করপোরেশনকে সামনে রেখে নাগরিক জীবনের সঙ্কট-সমস্যা এবং মেয়রের কাছে মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জানতেই এই জরিপ করা হয়েছে।
জরিপে ২০টি সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে মশা (৫৮.৩%)। এরপর যথাক্রমে রাস্তাঘাট (৪৪%), বাড়িভাড়া (৩৭.৫%), ড্রেনেজ সমস্যা (৩০%) ও মাদক (২৭.২%) রয়েছে।
আনিসুল হক বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে সাথে নিয়ে এসব সমস্যা সমাধান করবেন। ২৪ ঘণ্টার হটলাইনে মানুষের সমস্যা শোনা ও সমাধান করা হবে। এজন্য তিনি টেবিল ঘড়ি মার্কায় ভোট চান। তিনি বলেন, টেবিল ঘড়ি জিতলে নগরবাসী জিতবে।
আনিসুল হক সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি মেয়র নির্বাচিত হলে নিয়মিত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো, মানবিক দৃষ্টিকোণে গরীবদের আগে সুযোগ দেয়া ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, জরিপ পরিচালনা প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ। এরপর বিকালে আনিসুল হক মগবাজার মীরবাগ মোড়ে নির্বাচনী প্রচারণা চালান।