স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক কেন নয়

স্থানীয় সরকার নির্বাচনে কোন রাজনৈতিক দলের নাম, প্রতীক বা রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ও ছবি ‘ব্যবহার না করার’ বিধান কেন সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিজস্ব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ও ব্যবহারের সুযোগ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

 

আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন (ইসি), স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে এ রুলের জবাব দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল এই রুল জারি করেন।

 
স্থানীয় সরকার সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত পৃথক পৃথক চারটি আচরণ বিধিমালার ৬(২)(ঙ) এবং ৮(৪) বিধিতে বলা হয়েছে, “নির্বাচনী প্রচারণায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোন রাজনৈতিক দলের নাম বা প্রতীক বা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাইতে কিংবা ব্যবহার করিতে পারিবেন না; তবে শর্ত থাকে যে কোন প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করিতে পারিবেন না। ”
 

আচরণ বিধিমালার এই বিধি সংবিধানের ৩৯ (২)(ক) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ইসির নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নির্বাহী প্রধান মুহাম্মদ আমিনুর রহমান। উল্লেখ্য, সংবিধানের ৩৯(২)(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, “প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, নিশ্চয়তা দান করা হইল।” আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. উজ্জল হোসেন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।