মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে গত রবিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এর জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরদারকে গতকাল সোমবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লার সাথে আলতাফ হোসেন সরদারের বিরোধ চলে আসছিলো। গত রবিবার রাতে উলানিয়া বাজারে আলতাফ হোসেন সরদারকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা। মাথা ও ডান পায়ে গুলি লাগে তার। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে আলতাফ হোসেনের সমর্থক ও জামাল মোল্লার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এসময় মেঘনা সিনেমা হলে ভাংচুর চালানো হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলতাফ হোসেন সরদারের শ্যালক লিটন জানান, জামাল মোল্লার লোকজন উলানিয়া বাজারের ডেকরেটরের দোকানে বসে থাকা অবস্থায় আলতাফ হোসেন সরদারকে হত্যার উদ্দেশে গুলি করে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, আলতাফ হোসেন সরদারকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার খবরকে কেন্দ্র করে দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে বা কারা গুলি করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।