কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মিলন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া মাঠে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
নিহত মিলন উপজেলার উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশের দাবি, তিনি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার গভীর রাতে চুনিয়াপাড়া মাঠের কাছে রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলার খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি করাত, তিনটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে তিনটিসহ পাশের থানাগুলোতেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।