রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পথসভায় হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
সোমবার রাতে ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় কারো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। তবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মী মিলিয়ে অজ্ঞত ১০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে জনতাকে হত্যার চেষ্টা, জানমালের ক্ষতি সাধন ও বেআইনি জনসভাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী জহিরুল হক অভিযোগ করেন, ঐ হামলার ঘটনা তার পায়ের গোড়ালি থেঁলে গেছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল হক বিষটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার বিকালেও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নামেন খালেদা জিয়া। কারওয়ান বাজারে কাঁচাবাজারের সামনে পথসভা শেষে তার গাড়িবহর লক্ষ্য করে হামলা হয়।