লুকা মড্রিচের নতুন করে হাঁটুর চোটে পড়ার পেছনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে দায়ী করেছেন ক্রোয়েশীয় জাতীয় দলের চিকিত্সক বরিস নেমেচ। তিনি বলেন, মড্রিচের এই সমস্যার জন্য দায়ী হচ্ছেন কার্লো আনচেলত্তি। দীর্ঘ ৫ মাস ইনজুরিতে ভোগার পর দলে ফিরেই নতুন করে এই ইনজুরির মধ্যে পড়লেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশীয় তারকা লুকা মড্রিচ।
নেমেচ বলেন, ‘কয়েক মাস ধরেই ফুটবলের বাইরে ছিলেন লুকা। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর পরই আনচেলত্তি তাকে বাধ্য করেছেন প্রতিটি ম্যাচে খেলার জন্য। তিনি একটিবারের জন্যও ছাড়া পাননি, তার ওপর চাপের বোঝা চাপিয়ে দিয়েছেন তিনি।’ হাঁটুর এই বিশেষজ্ঞ চিকিত্সক বলেন, ‘ক্লান্তির কারণেই সে ইনজুরির মধ্যে পড়েছে।’ এদিকে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে রবিবার বলা হয়েছে যে, ক্লাবের চিকিত্সক দল মড্রিচের ইনজুরি পরখ করে দেখেছেন। তার ডান পায়ের হাঁটুর লিগামেন্টে সমস্যার সৃষ্টি হয়েছে।