আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল মঙ্গলবার রাজধানীর আদাবর বাজার, শ্যামলী, মীরপুর, আগারগাও, সেনপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, সোমবার কাওরান বাজারে তার প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর হামলার ঘটনায় নির্বাচনী পরিবেশ বিনস্ট করেছে সরকার। বিভিন্নস্থানে তার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন; তবুও নানা বাধা উপেক্ষা করে প্রচার কাজ করে যাচ্ছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি এখনই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
তাবিথ সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানীর মিরপুর-১০ এ ওয়াসার পানির ট্যাংক সংলগ্ন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে শহর পরিষ্কার অভিযানে অংশ নেন। এ সময় স্কুলের অভিভাবকরা তাবিথকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরাও চাই তরুণপ্রজন্ম সিটির নেতৃত্বে আসুক। শহরটাকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে আপনি সফল হবেন-এটা আমাদের বিশ্বাস।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নসহ বাসযোগ্য নগরী গড়ে তুলতে আগেও ভূমিকা রেখেছি; ভবিষ্যতেও রাখব। তবে মেয়র হতে পারলে আমার কাজের ক্ষমতা ও সুযোগ বেশি থাকবে। তাই আপনারা আমার পাশে থাকবেন এবং বাস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
তাবিথ আওয়াল বলেন, স্কুল আঙিনা ও রাস্তার দু’পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। যাতে আপনারা ভালোভাবে বসতে পারেন। পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তাবিথ আওয়াল স্কুলের সামনে গাড়ির হর্ন না বাজতে রাস্তায় চলাচলরত গাড়ির চালকদের অনুরোধ জানান। এরপর তিনি চলে যান গ্রীন ফিল্ড স্কুল এন্ড কলেজের সমানে। সেখানে পরিচ্ছন্নতা অভিযানে পাশাপশি স্কুল আঙিনার গাছে পানি দেন। স্বেচ্ছাসেবকদের সঙ্গে থাকা কয়েকটি ডাস্টবিন রাস্তার পাশে থাকা কয়েকটি চায়ের দোকানের পাশে স্থাপন করেন।
এ সময় উপস্থিত জনসাধারণকে তিনি যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারের অনুরোধ জানান। মিরপুরে জনসংযোগ চালানোর সময় মূল সড়কের মাঝে ডিভাইডারে যেসব গাছ রয়েছে তাতে পানি দেন।
সকাল ১০টার দিকে মিরপুর থেকে শেরে বাংলানগরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে যান। গণমাধ্যম কিংবা কর্মী সমর্থকদের বাইরে রেখে স্ত্রীকে নিয়ে যান প্রবীনদের এ হাসপাতালে। কারণ রাজনীতি নয়, ব্যক্তিগতভাবেই তিনি বৃদ্ধাশ্রম, গির্জা প্রভৃতি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাবিথ।
এ সময় তিনি বলেন, প্রচারে এসে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারলে বিজয় সুনিশ্চিত।