ধর্মীয় কারণে রাতে পরীক্ষা দিল ৫২ পরীক্ষার্থী!

ধর্মীয় বিধি-নিষেধের কারণে টাঙ্গাইলের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে দিনে পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে বন্দী থেকে সূর্যাস্তের পর ডিগ্রি পরীক্ষা দিয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সেভেন্থ-ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ভুক্ত ৫২ খ্রিস্টান পরীক্ষার্থী। গতকাল শনিবার রাতে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণের ঘটনাটি ঘটেছে।
 
গতকাল রবিবার মির্জাপুর বিশ্বদ্যািলয় কলেজ কেন্দ্র সূত্র জানান, গত শনিবার জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে দেশব্যাপী শুরু হওয়া ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা ছিল। ইংরেজী পরীক্ষায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কালিয়াকৈর অ্যাডভান্টিস্ট স্কুল এন্ড কলেজের ঐ ৫২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
 
পরীক্ষা হয় দুপুর দুইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত; কিন্তু খিস্টান সম্প্রদায়ের ঐ ৫২ পরীক্ষার্থী মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে এলে কলেজ কর্তৃপক্ষ তাদের তিন ঘণ্টা এক কক্ষে তালা দিয়ে আটকে রাখে। কলেজ সূত্র জানায়, একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে বিধায় প্রশ্ন যাতে ফাঁস না হয় কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আটকে রাখা হয়। কালিয়াকৈর অ্যাডভান্টিস্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রফিকুল ইসলাম এবং কয়েকজন পরীক্ষার্থী বলেন, ধর্মীয় বিধান মতে তাদের শনিবারে দিনের বেলায় কোন কাজ এমনকি লেখাপড়াসহ পরীক্ষা দেয়ার কোন নিয়ম নেই।
 
শনিবারে ইংরেজী পরীক্ষা হওয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের ঐ ৫২ পরীক্ষার্থী দিনের পরিবর্তে রাতের বেলায় পরীক্ষা নেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানান। ধর্মের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত গ্রহণের জন্য মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
 
শনিবার দুপুর দুইটা থেকে ইংরেজি পরীক্ষা শুরু হয়। দিনের বেলায় পরীক্ষায় অংশ না নেয়ায় ওই ৫২ শিক্ষার্থীকে দুপুর দুইটা থেকেই পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের পরীক্ষা গ্রহণ করা হয়।