পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত পুলিশ কমিটির কাছে এ পর্যন্ত দুই শতাধিক নারী-পুরুষ পৃথকভাবে ফোন করেছেন। তবে এর মধ্যে বর্ষবরণ অনুষ্ঠানে লাঞ্ছিত ‘ভুক্তভোগী’ একজনও ফোন করেনি বলে দাবি করেছেন কমিটির পুলিশ কর্মকর্তারা। গত সাত দিনেও মেলেনি বখাটেদের পরিচয়।
পুলিশ তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী বলেছেন, পহেলা বৈশাখে যেসব নারী বর্ষবরণ অনুষ্ঠানে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন তাদেরকে নাম-পরিচয় গোপন রেখে মোবাইল ও ই-মেইলে অভিযোগ পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের কাছে বহু নারী ও অভিভাবকদের অভিযোগ এসেছে। কিন্তু ভুক্তভোগীদের কোন অভিযোগ এখনও মেলেনি। ডিএমপির মোবাইল ফোনে ভুক্তভোগী নারীদের নিজ মুখে অভিযোগ পাওয়া গেলে বখাটেদের দ্রুত গ্রেফতার করা যাবে। কারণ এখন পর্যন্ত বখাটেদের চেহারার কোন বর্ণনা পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনায় জড়িত বখাটেদের মধ্যে ১২ জনকে চিহ্নিত করা গেলেও গত সাত দিনেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। ভিড়ের মধ্যে কে কাকে ধাক্কা দিচ্ছে, উত্ত্যক্ত করছে সেটা এখনও অনেকটাই অস্পষ্ট। তবে বার বার ফুটেজের চিত্র দেখে এখন পর্যন্ত ১২ জনের গতি-প্রকৃতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। এরাই টিএসসির পাশে নারীদের লাঞ্ছিত করেছে।