২০ মে'র মধ্যে মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

মানবতাবিরোধী ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২০ মে’র মধ্যে আসামিপক্ষ এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
 প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ  বুধবার এই আদেশ দেন।
 
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানিয়ে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম।
 
আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার ২ নম্বর ক্রমিকে বিষয়টি আদেশের জন্য অন্তর্ভূক্ত ছিলো। সেই মোতাবেক সকালে আদালত সারসংক্ষেপ দাখিলের জন্য উভয় পক্ষকে নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও আসামিপক্ষে আইনজীবী জয়নুল আবেদীন তুহিন ও মো. শিশির মনির উপস্থিত ছিলেন।