সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বুধবার ভোরে উপজেলার গাড়াদহ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সুনীল হলদার (৬০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার পাড়কোলা গ্রামের দ্রুতি হলদারের ছেলে। তাৎক্ষণিকভাবে অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, বুধবার ভোরে শাহজাদপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিকসা সিরাজগঞ্জ যাচ্ছিল। অপরদিক থেকে একটি ট্রাক শাহজাদপুর যাবার পথে গাড়াদহ এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকসাটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকসাটি দুমড়ে মুচড়ে গেলে সিএনজিতে থাকা চালক সহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত অপর দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে একজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা হয়েছে।