রাজধানীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে আহুত সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই রাজশাহীতে। এদিন ভোর ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হলেও প্রত্যাহিক জীবনযাত্রা চলছে স্বাভাবিত গতিতে।
বরাবরের মতো বুধবারও হরতালের সমর্থনে মাঠে নামেনি ২০ দলের কোনো নেতাকর্মী। তাই হরতালকে ঘিরে নগরীর কোথাও পিকেটিং বা অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
ভোর থেকে ঢাকাসহ আন্তজেলার বিভিন্ন রুটের বাস-কোচ চলাচল করছে। নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, শহীদ কামারুজ্জামান চত্বর (রেলগেইট), শিরোইল বাস টার্মিনাল ও লক্ষীপুর এলাকায় চিরচেনা যানজট দেখা গেছে।
এছাড়া সব ধরণের হালকা যানবাহন এবং ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, খুলনাগামী কপোতাক্ষ, গোয়ালন্দঘাটগামী মধুমতি ও চিলাহাটিগামী বরেন্দ্রসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ও লোকাল ট্রেন যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, নগরীতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।