শাবি ভিসির পদত্যাগ দাবিতে মানববন্ধন

 
 
অসধাচরণের অভিযোগ তুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের একাংশ।
 
 বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হক, আওয়ামী-বাম সমর্থিত শিক্ষক পরিষদের একাংশের আহবায়ক প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস, প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক উদ্দিন প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা ভিসিকে পদত্যাগের আহবান জানান।  আওয়ামী সমর্থিত শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, বর্তমান ভিসি চরম দুর্নীতিবাজ। তাই অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।
 
আওয়ামী সমর্থিত শিক্ষক পরিষদের একাংশের যুগ্ম আহবায়ক মস্তাবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ভিসি শিক্ষকরেদর সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। ভিসির কিছু আর্থিক অনিয়ম ও নিয়োগে অস্বচ্ছতা রয়েছে, বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়ে আমরা জানাতে পারব। তবে কোন কোন খাতে অনিয়ম সে বিষয়ে সুস্পস্ট কিছ্ইু জানাতে পারেননি তিনি।
 
এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেন, ‘রাষ্ট্রপতি আমাকে এখানে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন, সুতরাং তিনি যখন বলবেন তখনই আমি চলে যাবো’।
তিনি আরো বলেন, এতদিন পর্যন্ত শিক্ষকদের সাথে নিয়েই এসব নিয়োগ দিয়েছি। অনিয়ম করলে তারা সাথে ছিলেন কেন? তাছাড়া অভিযোগ করলে তার প্রমাণ সাপেক্ষ করতে হয়।
 
অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, একজন শিক্ষক হয়ে শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাশীল আচরণের প্রশ্নই আসে না। পরিস্থিতি স্বাভাবিক করতে ডিনদের নিয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমি আশাবাদী শিক্ষকরা তাদের পদত্যাগের বিষয়টি পুনবিবেচনা করে শীঘ্রই নিজ নিজ দায়িত্বে ফিরে আসবেন।