‘আন্দোলনের প্রয়োজন নেই, শান্তিচুক্তি বাস্তবায়ন হবে’

 
 
 
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়নে আন্দোলনের সুর আসছে।’ তিনি জেএসএস সভাপতি (পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান) সন্তু লারমাকে উদ্দেশে বলেন, ‘আন্দোলনের প্রয়োজন নেই। আশ্বস্ত করছি, পার্বত্য শান্তি বাস্তবায়ন হবে। পার্বত্যাঞ্চলের প্রধান সমস্যা ভূমিসহ সকল সমস্যার চলমান প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে।’ বুধবার দুপুরে বান্দরবানের থানছি উপজেলায় থানছি-আলীকদম উপজেলা অভ্যন্তরীণ সড়কের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।’
সড়ক ও সেতু মন্ত্রী বলেন, ‘বিকল্প এই সংযোগ সড়কের মাধ্যমে পাহাড়ের পর্যটন শিল্পের প্রসার ঘটবে। থানছি-আলীকদম উপজেলাবাসীর জীবনযাত্রার মান বেড়ে যাবে। সামগ্রিকভাবে পার্বত্যাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে সড়কটি। সড়কের নির্মাণকাজ প্রায় শেষ। আগামী মে মাসে আনুষ্ঠানিকাবে সড়কের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী।’
এ সময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার কোরের প্রধান মেজর জেনারেল আব্দুল কাদিম, বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।