তিন সিটির নির্বাচনে ভোটের দু’দিন আগে থেকে পরদিন পর্যন্ত পর্যন্ত চারদিন মাঠে থাকবে ৪৭৪ জন ম্যাজিস্ট্রেট।
আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ চার দিনে তিনি সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে গড়ে প্রায় ৪ জন নির্বাহী মাজিস্ট্রেট এবং প্রতি চার ওয়ার্ডে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাত্ক্ষণিক বিচারের কাজে নিয়োজিত থাকবেন।
এতো বেশি সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের নজির আগের কোন সিটি করপোরেশন নির্বাচনে নেই। সহিংসতার আশঙ্কার কারণে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে নির্বাচনী মাঠে তিন সিটিতে দায়িত্ব পালন করছেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার বিকেলেই নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব অন্তরা ঘোষ দ’ুটি চিঠিতে স্বাক্ষর করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এ চিঠিতে এই মর্মে বলা হয়েছে যে, ১৯ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের জন্য মোট ৪৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন সিটি নির্বাচনে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তাই নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রযোজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।
একইভাবে পৃথক আরেক চিঠিতে রিটার্নিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য এক জন করে আরো তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলা হয়েছে।
অন্যদিকে ৩০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
এ চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর-দক্ষিণ ও সিটি করপোরেশনের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত সাধারণ কাউন্সিল পদে ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপাত বিচার সম্পন্ন করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯ জন, দক্ষিণ সিটিতে ১৪ জন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন। এসব ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও পরের দিন অর্থাত্ ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, সব মিলিয়ে ঢাকা উত্তর সিটিতে ১৪৪ জন নির্বাহী ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দক্ষিণ সিটিতে ১৬৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম সিটিতে ১৩৫ জন নির্বাহী ও ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন