একটিবার সুযোগ চাই, ঢাকাবাসীকে আগলে রাখব: সাঈদ খোকন

 
সৎ ও নিঃস্বার্থভাবে ঢাকাবাসীর জন্য কাজ করার অঙ্গীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন বলেছেন, আমি শুধু একটিবার সুযোগ চাই, আমাকে সুযোগ দিন। ঢাকাবাসীর জন্য কাজের মাধ্যমে আমি তার প্রমাণ রাখবো।
 
বুধবার হাজারীবাগে ট্যানারি মোড়ে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে সাঈদ খোকন এ কথা বলেন।
 
এ সময় তিনি তার প্রতীক ‘ইলিশ মাছ’ মার্কায় ভোট চান। স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসের সভাপতিত্বে মতবিনিময় সভায় ট্যানারি শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
 
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে দক্ষিণের এই মেয়র প্রার্থী বলেন, ঢাকাবাসীর সঙ্গে আমার হৃদয়ের সর্ম্পক, প্রাণের সম্পর্ক। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন।
 
তিনি হাজারীবাগের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী নির্বাচনে আমাদের সমর্থন চাই। নির্বাচিত হলে আগামী ৫ বছর সন্তান হিসেবে আপনাদের আগলে রাখবো আমি। তিনি হাজারীবাগ এলাকাকে ধানমন্ডি-গুলশানের মতো উন্নত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
 
সাঈদ খোকন হিংসার রাজনীতি মুক্ত, শান্তিপূর্ণ শহর গড়ার সুযোগ চেয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের নামে কিছু দিন আগেও পেট্রোল বোমার আঘাতে অনেক প্রাণ ঝড়ে গেছে। আমরা সেই হিংস্র অবস্থানে আর ফিরে যেতে চাই না। হাজারীবাগে মতবিনিময় শেষে সাঈদ খোকন রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, কাঁঠালবাগান, এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।