ব্লক মার্কেটের শেয়ার লেনদেনে কমিশন চার্জ কমিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এক দিনে ৫০ লাখ টাকা বা এর বেশি লেনদেনের ক্ষেত্রে প্রতি হাজার টাকার লেনদেনে লাগা চার্জ বা কমিশন ফি ৬ পয়সায় নামিয়ে আনা হয়েছে। আগামী ২ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে ব্লক মার্কেটে ৫০ লাখ টাকার বা এর বেশি লেনদেনের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতি হাজারে ১২ দশমিক ৫ পয়সা হারে কমিশন নেয়া হয়।
জানা গেছে—বড় বিনিয়োগকারীদের লেনদেনে আগ্রহী করতে সিএসইর পক্ষ থেকে কমিশন চার্জ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দিকে, স্বয়ংক্রিয় ব্যবস্থায় শেয়ার কেনা-বেচায় লটবিহীন পদ্ধতি প্রচলনের পর সিএসই কর্তৃপক্ষ হাওলা চার্জ প্রত্যাহার করে নিয়েছে। অবশ্য পরে তা পুনর্বহাল করলেও কমিয়ে দেয়া হয়েছে লাগা চার্জ।
সিএসইতে বর্তমানে ৫ কোটি টাকার পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে শতকরা ১ দশমিক ৮ পয়সা, ৫ কোটি থেকে ১০ কোটি টাকার লেনদেনের ক্ষেত্রে ১ দশমিক ৫ পয়সা এবং ১০ কোটি টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে শতকরা ১ দশমিক ৩ পয়সা হারে লাগা চার্জ দিতে হয়।