বিএনপির হরতাল প্রভাব ফেলেনি জনজীবনে

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সারাদেশের কোথাও কোন প্রভাব পড়েনি। সব জায়গায়তেই জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতালে সমর্থনে মাঠে নামেনি বিএনপির কোন নেতাকর্মীও।

 
রাজশাহী অফিস জানায়, হরতালে রাজশাহীতে প্রত্যাহিক জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে মাঠে নামেনি বিএনপির কোনো নেতাকর্মী। তাই হরতালকে ঘিরে নগরীর কোথাও পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব ও বিজিবি। ঢাকাসহ আন্ত:জেলার বিভিন্ন রুটের বাস-কোচ  চলাচল করেছে। নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, রেলগেইট, শিরোইল বাস টার্মিনাল ও লক্ষীপুর এলাকায় যানজট দেখা গেছে। এছাড়া সব ধরনের যানবাহন এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
 
বরিশাল অফিস জানায়, হরতালে বরিশালে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে নগরীসহ গোটা জেলার জীবনযাত্রা ছিল পুরোপুরি স্বাভাবিক। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সকল প্রকার বাস চলাচল করেছে। হরতালের পক্ষে কোথাও বিএনপি নেতাকর্মীদের তত্পরতা দেখা যায়নি। হরতালকে কেন্দ্র করে হরতাল বিরোধী কোনো তত্পরতা লক্ষ্য করা যায়নি।
 
খুলনা অফিস জানায়, খুলনায় ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে নগরীতে বিএনপিসহ ২০ দলীয় জোটের মিছিল-মিটিং দেখা যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। এদিকে হরতালের প্রতিবাদে দুপুরে নগরীতে যুবলীগের উদ্যোগে মিছিল বের করা হয়।
 
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে কোন হরতাল পালিত হয়নি। সকাল থেকেই দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠা, স্কুল-কলেজ খোলা ছিল। চলাচল করেছে ট্রেনসহ দূরপাল্লার যানবাহন। রংপুর মহানগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। রাজপথে সারাদিন বিএনপি’র কোন নেতাকর্মীকে দেখা না গেলেও সন্ধ্যার দিকে কিছু যুবক পায়রা চত্বর এলাকায় যুবদলের ব্যানারে ঝটিকা মিছিল বের করে। নগরীর বেতপট্টিস্থ জেলা বিএনপি কার্যালয় ছিল তালাবদ্ধ।
 

সিলেট অফিস জানায়, হরতালেও সিলেটে জনজীবন স্বাভাবিক ছিল। সকালে কিছু মার্কেট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে থাকে। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে অন্য দিনের মতো যানজট ছিল। অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল। সিলেট রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। দূরপাল্লার বাসগুলোও ছেড়ে গেছে।