অবশেষে শুটিং শেষ হলো লাক্সতারকা মিম অভিনীত চলচ্চিত্র ‘পদ্মপাতার জল’। জনপ্রিয় গীতিকার লতিফুল ইসলাম শিবলীর কাহিনী ও সংলাপে তন্ময় তানসেনের চিত্রনাট্য ও পরিচালনায় এ চলচ্চিত্রে মিমের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন ইমন। এই চলচ্চিত্রেই মিম ও ইমন প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য জাঁকজমকপূর্ণ নানা রকমের সেট এবং জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে ‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রে। বর্তমানে চলছে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘ঔপনিবেশিক সময়ের গল্পের উপস্থাপনা করা হয়েছে চলচ্চিত্রটিতে। তাই এতে আমাকে পুরোপুরি অন্যরকম একটি গেটআপে দেখা যাবে। চলচ্চিত্রটির গল্প, গান, লোকেশন নির্বাচন সবমিলিয়ে এত ভালো একটি কাজ হয়েছে; যা দর্শকের কাছে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবে চলচ্চিত্রটিকে।’ এই চলচ্চিত্রের গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, অদিত, ব্যান্ডদল শিরোনামহীন ও চিরকুট। এদিকে মিম এরমধ্যে শেষ করেছেন তানিয়া আহমেদের ‘গুড মর্নিং লন্ডন’ ও ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ চলচ্চিত্রের কাজ। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘জোনাকির আলো’।