পুলিশ মহাপরিদর্শককে গভর্নরের চিঠি

নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকের শাখার সঙ্গে থানার হটলাইন স্থাপনের অনুরোধ

দেশে কার্যরত সকল ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখার নিকটস্থ থানার সঙ্গে একটি হটলাইন স্থাপনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান এ অনুরোধ জানান। দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ হটলাইন করার কথা বলেন তিনি। সাভারের আশুলিয়ায় মঙ্গলবার কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনার পর গতকাল এ চিঠি দেন গভর্নর। ওই ডাকাতির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয় ওই চিঠিতে।
 
গতকাল বিকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। এসময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান ও শুভঙ্কর সাহা, মহাব্যবস্থাপক রবিউল হাসান, এএফএম আসাদুজ্জামানসহ অন্য ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
 
ড. আতিউর রহমান স্বাক্ষরিত আইজিপি একেএম শহীদুল হকের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে আশুলিয়ার বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় প্রকাশ্য দিবালোকে একদল ডাকাত ব্যাংকের ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। এঘটনা প্রতিরোধ করতে গিয়ে মারা গেছে আরও ৪ জন সাধারণ মানুষ। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, ব্যাংকিং খাতের জন্য হুমকিস্বরূপ। এতে ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় এঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একইসঙ্গে ভবিষ্যত্ নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি শাখার কাছে থানার হটলাইনের মাধ্যমে দ্রুত যোগাযোগ স্থাপনের ব্যবস্থা চালু করার অনুরোধ করছি।
 
সংবাদ সম্মেলনে সুর চৌধুরী বলেন, দেশে কার্যরত সকল ব্যাংকের প্রতিটি শাখায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত নিরাপত্তার জন্য যথাযথ কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অবহিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনা প্রতিরোধ করতে যেয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে বাংলাদেশ ব্যাংকের এক লাখ টাকা ছাড়াও কমার্স ব্যাংককে আর্থিক অনুদান দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।