এবার আড়াল ভেঙে

 
একযুগেরও বেশি সময় আধুনিক গানের অঙ্গন থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন এদেশের জিঙ্গেলের রানি সুমনা হক। অবশেষে সেই আড়াল ভেঙে সম্প্রতি শ্রোতাদের হাতে তুলে দিলেন তার তৃতীয় আধুনিক গানের অ্যালবাম। আরও বিস্তারিত জানাচ্ছেন মিলান আফ্রিদী
 
একজন সাংবাদিক হওয়ার কারণে মুঠোফোনে প্রতিদিনই নানা রকমের খবর আসে। প্রায় একই রকমের খবরই থাকে প্রতিদিন। কিন্তু এই তো মাত্র সপ্তাহখানেক আগে, হঠাত্ ভোরের আলো শহরজুড়ে ছড়িয়ে পড়ার আগে মুঠোফোন বেজে উঠে। মিষ্টি আর সুরেলা কণ্ঠের সেই জিঙ্গেলের রানি সুমনা হক সকাল সকাল খবর জানালেন, তিনি পনেরো বছর পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন।
 
সত্যিই, সুমনা হকের এই খবরটি অন্য অনেক খবরের ভিড়ে সবচেয়ে আনন্দের ছিল। কারণ সত্যিকারের শিল্পী যারা, তারা এখন গান থেকে পারলে দূরেই রাখেন নিজেকে। তিনিও তেমনি একজন। কিন্তু এভাবে যদি সবাই একে একে দূরেই চলে যান, তাহলে আমাদের সঙ্গীতাঙ্গন সমৃদ্ধ হবে কেমন করে? তাই তার মতো যারা আপাদমস্তক আর মনেপ্রাণে গানের শিল্পী তাদের ফিরে আসাটাকে স্বাগত জানানো উচিত সবার।
 
সুমনার ফিরে আসাকে মন থেকে স্বাগত জানিয়েছেন মুস্তাফা জামান আব্বাসী, মিসেস আসমা আব্বাসী, সুবীর নন্দী, ফুয়াদ নাসের বাবু ও শমী কায়সার। একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে সুমনা হক সম্প্রতি তার তৃতীয় আধুনিক গানের একক অ্যালবাম ‘কিছু স্মৃতি কিছু বেদনা’ শ্রোতাদের হাতে তুলে দিয়েছেন।
 
পনেরো বছর পর আধুনিক গানের অ্যালবাম শ্রোতাদের কাছে পৌঁছে দেবার বিশেষ সেই মুহুর্তটিতে হাজির হয়েছিলেন উল্লিখিত গুণী ব্যক্তিরা। ভালোলাগার বিষয় হচ্ছে সুমনা তার এবারের অ্যালবামের গানগুলো নিজেই লিখেছেন। প্রচণ্ড আবেগ আর ভালোবাসার শব্দ চয়নে গানগুলো হয়ে উঠেছে জীবনের গান, ভালোলাগার গান।
 
‘পিবিএস’-এর ব্যানারে অ্যালবামটি বাজারে এসেছে। এ অ্যালবামে মোট গান আছে সাতটি। গানগুলোর সুর-সঙ্গীতায়োজন করেছেন মুম্বাইয়ের যশপাল মনি। মুম্বাইতেই গানগুলোর রেকর্ডিংয়ের কাজ হয়েছে। ‘এলো বৈশাখ’ গানটি পহেলা বৈশাখের দু’একদিন আগে থেকেই দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হয়েছে।
 
পর্যায়ক্রমে তার মিউজিক ভিডিও করা অন্য তিনটি গান ‘সজনী যেওনা’, ‘কিছু স্মৃতি কিছু বেদনা’ এবং ‘তোমারও আমায় মনে পড়বে তো জানি’ প্রচার হবে।
 
সুমনা হক বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বা পথচলায় আমার ভক্ত শ্রোতাদের সঙ্গে দেখা হলে তারা গানে ফেরার কথা বলতেন। সেই তাগিদ এবং আমার মনের একান্ত ভালোলাগা থেকেই নতুন করে কিছু গান করেছি। তবে এই অ্যালবাম বাজারে আসার মানে এই নয় যে আমি নতুন করে গানে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছি। আবার কোনো নতুন অ্যালবাম ভবিষ্যতে করবও কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যাদের জন্য নতুন কিছু গান করেছি তাদের ভালো লাগলেই আমার কষ্ট সফল হবে।’ তিনি আরও জানান প্রায় প্রতিটি গানেই অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহূত হয়েছে।
 
উল্লেখ্য, ১৯৮৮ সালে সুমনা হকের প্রথম একক ‘মায়াবী এ রাতে’ বাজারে আসে। একযুগ বিরতির পর ২০০০ সালে তার দ্বিতীয় আধুনিক গানের অ্যালবাম ‘মাঝে কিছু বছর গেল’ বাজারে আসে। পনেরো বছর পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে বাজারে এলেন তিনি। তবে ২০০৮ সালে তার কণ্ঠে শ্রোতারা রবীন্দ্র সঙ্গীত শুনতে পান তারই ‘তুমি রবে নীরবে’ অ্যালবামে। উল্লেখ্য, সুমনা হকের নতুন মিউজিক ভিডিওগুলো নির্দেশনা দিয়েছেন রাজীব সালেহীন।