নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের রেজিয়া খাতুন (৫০), এবং হারুনা আক্তার (২০)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারুনা নামে এক নারী কাঠের পিঁড়ি দিয়ে মিনা নামে এক নারীর মাথায় আঘাত করেন। মিনাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কেন্দুয়া হাসপাতালে এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
২২ সেপ্টেম্বর নিহত মিনার পুত্র হলুদ মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে দুইজনকে আসামি করে ২০০৮ সালের ২৮ আগস্ট আদালতে চার্জসীট দাখিল করে।
আদালত ছয়জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয়।