ঝিনাইদহের সীমান্তে গুলিতে স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে হাসানুর রহমান ( ১৫) নামে এক স্কুল ছাত্র গুলিতে নিহত হয়েছে। সে মহেশপুর উপজেলার বাকশপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে বাকশপোতা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।  তবে কার গুলিতে সে নিহত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।
মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, তিনি তদন্তে জানতে  পেরেছেন বুধবার রাতে একদল গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। ফেরার পথে তাদের  একজন হাসানুর সীমান্ত এলাকায় গুলিতে  নিহত হয়। সঙ্গীরা লাশ তার বাড়িতে নিয়ে আসে। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।
নেপা ইউনিয়নের বাকশপোতা ওয়ার্ডের মেম্বার সেলিম রহমান জানান, নিহত হাসানুর বাকশপোতা হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র।  
 
বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্র নিহত হয়েছে। তার বাড়ি সীমান্ত থেকে ৮ কিলোমিটার দূরে বাকশপোতা গ্রামে। তবে সে বিএসএফএর গুলিতে মারা গেছে এমন  কোন তথ্য পাওয়া যায়নি। বিএসএফ যে ধরনের অস্ত্র ব্যবহার করে সে ধরনের অস্ত্রের গুলিতে ওই ছাত্র নিহত হয়নি বলে তিনি আরো জানান।। আর যারা গরু আনা-নেওয়া করে তারা সীমান্ত লাগুয়া গ্রামের লোকজন। অন্য কোন ঘটনায় সে নিহত হতে পারে। সাধারনত ৮ কিলোমিটার দূরের গ্রাম থেকে কেউ গরু পার করে আনতে যায় না। মহেশপুর সীমান্ত দিয়ে গরু পারাপর বন্ধ বলে তিনি দাবি করেন।