কালবৈশাখীতে স্কুল ক্ষতিগ্রস্ত গাছতলায় ক্লাস

নওগাঁর নিয়ামতপুরে গত রবিবারের কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের  গাছতলায় পাঠদান চলছে।
 
জানা গেছে, ১৯৯০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে ২৫ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত বিদ্যালয়ে সরকারিভাবে কোনো ভবন নির্মাণ হয়নি। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে মাত্র ৪টি টিনশেডের রুম তৈরি করে কোনো রকম ক্লাস নিয়ে আসছিল। ওইদিনের ঝড়ে টিনের চালা উড়ে গিয়ে বিদ্যালয়টি পাঠদানের অযোগ্য হয়ে পড়ে। এখনও পর্যন্ত ঘরগুলো মেরামত না হওয়ায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান্ 
 
এ অবস্থায় প্রায় ১৩৬ শিক্ষার্থীকে রোদ-বৃষ্টি ঝড় মাথায় রেখেই ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আলী জানান, স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত সরকারিভাবে এখানে কোনো ভবন নির্মাণ হয়নি। এ অবস্থায় একটু ঝড়-বৃষ্টি হলেই আমাদের চরম বিপাকে পড়তে হয়। নিয়ামতপুর প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়টি সংস্কারসহ ভবন নির্মাণের জন্যে ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন জানান, ভবনটি নির্মাণের জন্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
এদিকে এক বছর আগে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও চার শিক্ষক-শিক্ষিকা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।