ময়নামতিতে দেড়শ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

 
জেলার সবচেয়ে আলোচিত ও প্রায় দেড়শ’ বছর ধরে চলে আসা ময়নামতি বৈশাখী মেলা এ বছর স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিরোধ দেখা দেয়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি। স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমতিতে অবশেষে গতকাল মঙ্গলবার এ মেলা শুরু হয়েছে। চলবে মাসব্যাপী।
 
বিলম্বে শুরু হলেও মেলায় ঢল নেমেছে হাজারো মানুষের। মেলায় পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু থেকে শুরু করে হাজারো নারী-পুরুষের সমাগম ঘটছে। ক্রেতারাও কিনছেন তাদের পছন্দের জিনিসপত্র। রাণী ময়নামতির প্রাসাদ ঘিরে এ মেলাকে কেন্দ্র করে দিনভর উত্সবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে ময়নামতি কালীমন্দিরে হাজারো পুণ্যার্থীর আগমন ঘটে।
 
গতকাল মেলায় গিয়ে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রাণী ময়নামতির প্রাসাদ সংলগ্ন পাহাড়ে প্রায় দেড়শ’ বছর ধরে চলে আসছে এ মেলা। বিভিন্ন জেলার লোকজনের সমাগম ঘটে এ মেলায়। নাগরদোলা, মুড়ি-মুড়কি, বাচ্চাদের আনন্দ আয়োজনে চরকি গাড়ি, জিলাপী, চটপটি-হালিম, বাঁশী, কসমেটিক, বটি, দা, কুড়াল, ঝাঁকি জাল, হাতপাখা, ঘুড়ি, কাঠ ও বেতের আসবাবপত্র, মাটির তৈজষপত্র, হাড়ি-পাতিল, টবসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান বসেছে।
 
ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় পছন্দের পণ্যসামগ্রী কিনছেন। প্রতিবছর বৈশাখ মাসের ৭ তারিখ ঐতিহ্যবাহী এ মেলাটি শুরু হয়। স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সৃষ্ট মতবিরোধের কারণে তা অবসান হয়ে এ বছর ৮ বৈশাখ থেকে এ মেলা শুরু হয়েছে।