আফ্রিদির পর আজহার

একজন মূলত লেগস্পিনার; খ্যাতি পেয়েছিলেন ঝড়ো ব্যাটিং করে। আরেকজন মূলত নিখাদ ব্যাটসম্যান; মাঝে মাঝে দরকার হলে লেগস্পিন করেন।
 
শহীদ খান আফ্রিদি ও আজহার আলীর মধ্যে খুব টেনেটুনে এই লেগস্পিনের মিলটা তৈরি করতে পারেন। তবে গতকাল যে মিলটা তৈরি হলো, সেটা অনেক বড়—আফ্রিদির পর পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করলেন আজহার।
 
এই সেঞ্চুরি দিয়ে আর কিছু না হোক, একাদশে অন্তত নিজের যথার্থতা প্রমাণের ধারাটা ধরে রাখতে পারলেন পাকিস্তানি অধিনায়ক।
 
প্রায় আড়াই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা আজহারকে অনেকটা বাইরে থেকে ধরে এনে অধিনায়ক করা হয়েছে। সে নিয়ে সমালোচনার অন্ত ছিল না। বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজের ম্যাচ প্রথম দু’ম্যাচেই হেরে যাওয়ায় সমালোচনাটা তীব্র হয়েছিল। তবে আজহার আলীর নিজের পক্ষে যা করা সম্ভব, ব্যাট চালানো, সেটা করে নিজেকে অন্তত যথার্থ বলে প্রমাণ করতে পেরেছেন।  প্রথম ম্যাচে ৭২ রান করা আজহার দ্বিতীয় ম্যাচে করেছেন ৩৬  রান। গতকাল বুধবার সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক। সাকিব আল হাসানের বলে বিভ্রান্ত হওয়ার আগে ১১২  বলে দশ বাউন্ডারির সাহায্যে ১০১ রান করে ফেরেন আজহার আলী।  সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৩ সালে, ভারতের বিপক্ষে। দুই বছর তিনি ওয়ানডে দলে ছিলেনইনা। থাকবেনই বা কি করে। ইউনুস খান ও মিসবাহ উল হকের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের ভিড়ে তিনি দলেই সুযোগ পাননি।
 
যে খেলোয়াড় দুই বছর একদিনের ক্রিকেটেই ছিল না, বাংলাদেশ সিরিজেই তাকেই দেয়া হলো অধিনায়কের দায়িত্ব। এটা নিয়ে পাকিস্তান জুড়ে সমালোচনা হয়েছে। পাকিস্তানে সাবেক ক্রিকেটাররাতো আজহার আলীকে নিয়ে চুল চেরা বিশ্লেষণ করেছেন। সাবেকদের দৃষ্টিতে আজহারকে অধিনায়কের দায়িত্ব দেয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র বাতুলতা মাত্র। অধিনায়ত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব দিতে পারেননি আজহার। বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যচে হেরে ট্রফি হাতছাড়া পাকিস্তানের।
 
তবে অধিনায়ক হিসেবে আফ্রিদির পর আরেকটি সেঞ্চুরি করে কিছুটা সম্মান রক্ষা করতে পেরেছেন তিনি।  এটা ছিল আজহারের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং পাকিস্তানি কোনো অধিনায়কের দশম সেঞ্চুরি। এই দশ নম্বর সেঞ্চুরিটা অধিনায়কের কাছ থেকে পাকিস্তান পেলো পাঁচ বছর পর। ২০১০ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ পাকিস্তানি অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। এর পাঁচ দিন আগে আরেকটি করেছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে। আফ্রিদি ছাড়া ওয়ানডে অধিনায়ক হিসেবে পাকিস্তানের হয়ে দুটি সেঞ্চুরি আছে আর ইনজামাম-উল হকের। এ ছাড়া শোয়েব মালিক, সাঈদ আনোয়ার, আমির সোহেল, রমিজ রাজা ও ইমরান খানের একটি করে সেঞ্চুরি আছে অধিনায়ক হিসেবে।